জালালউদ্দিন রুমীর সাহিত্য ও আধ্যাত্মবাদ

 

জালালউদ্দিন রুমীর সাহিত্য ও আধ্যাত্মবাদ

মধ্যযুগে যে সকল মহান আধ্যাত্মবাদী দার্শনিক কবির জন্ম হয়েছিল, তাদের মধ্যে অন্যতম একজন জালালউদ্দিন রুমী। অনেকে তাঁকে মাওলানা রূমী বলেন। তিনি ফারসি সাহিত্যের মহাকবি এবং সৃজনশীল সুফি-দার্শনিক তথা আধ্যাত্মবাদের প্রবক্তা। পারস্য সাহিত্যের আধুনিকতার সূচনা হয়েছে তাঁর সাহিত্যকে অবলম্বন করে। তাঁর বিখ্যাত গ্রন্থ মসনবী ফারসি সাহিত্যের ইতিহাসে অমর। রুমী বিশ্বাস করতেন, সৌন্দর্য মানব মনের চিরন্তন কাম্য। কারণ স্রষ্টা নিজেই সুন্দর এবং তিনি সৌন্দর্যের উৎস।




জালালউদ্দিন রুমী খোরাসান তথা বর্তমান আফগানিস্তানের বলখ শহরে ১২০৭ খ্রিস্টাব্দের ৩০ সেপ্টেম্বর মোতাবেক ৬০৪ হিজরীর ৬ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বাহাউদ্দিনের খ্যাতি সমসাময়িক শিক্ষিত সুধী সমাজের মাঝে ছড়িয়ে পড়েছিল। খোরাসানের বিভিন্ন অঞ্চল হতে লোকেরা তাঁর কাছে জ্ঞানের অন্বেষণে আসতো। তিনি তাদেরকে সুন্দর পরামর্শ দিতেন। সপ্তাহের দুইদিন বড় বড় জনসভার ভাষণ দিতেন তিনি। তাঁর ভাষণে তিনি হাকীকত ও মারিফাত বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। তাঁরই এক বিখ্যাত মুরিদ মহান সাধক সাইয়েদ বুরহানউদ্দিন মুহাবিক তিরমিযি শিশু রুমীর শিক্ষক ও তত্ত্বাবধায়ক নিযুক্ত হন। চার-পাঁচ বছর বয়স পর্যন্ত রুমী তাঁর প্রযত্নে জ্ঞানচর্চা করেন।

জালালউদ্দিন রুমী বড় হয়েছেন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। পিতার দক্ষ শাসনে তাঁর শিক্ষাদীক্ষায় কখনো বাধা সৃষ্টি হয়নি। পিতা বাহাউদ্দিন ওয়ালাদই তাঁকে তাফসীর, হাদীস, ফিকাহ, যুক্তিবিদ্যা, দর্শন প্রভৃতি সমকালীন শিক্ষায় শিক্ষিত করেন। পিতার সংস্পর্শে থাকাকালীনই তিনি আধ্যাত্মিক সাধনায় আগ্রহী ছিলেন। অত্যন্ত প্রখর স্মৃতিশক্তিসম্পন্ন জালালউদ্দিন রুমী কিশোর বয়স থেকে নানা বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন। তাঁর পিতার যোগ্য শিষ্য বুরহানুদ্দীন রুমীকে বিভিন্ন শিক্ষা-দীক্ষা ও সুফি চর্চায় যথেষ্ট উৎসাহী হতে সাহায্য করেন। পিতার মৃত্যুর পর রুমী কলা ও বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করেন। দামেস্কে তিনি সাত বছর অতিবাহিত করে অবশেষে স্বদেশে ফিরে আসেন।

নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন

রুমী ও শামসুদ্দিন তিবরিযির সাক্ষাৎ

যত্নবান পিতা ও শ্রদ্ধাস্পদ শিক্ষকের মৃত্যুর পর রুমীর ব্যস্ত জীবনে জ্ঞানার্জন এবং জ্ঞান বিতরণের এক মোক্ষম সময়ে পর্যটক দরবেশ শামসুদ্দিন মুহাম্মদ তিবরিযির সঙ্গে পরিচয় হয়। বছরটি ছিল ১২৪৪ খ্রিস্টাব্দে। এ বছরটি রুমীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বছরেই মাওলানা রুমী দরবেশ শামসুদ্দিন মুহাম্মদ তিবরিযির সঙ্গে সাক্ষাৎ পান। অনেকেই তাঁকে ড্যান্সিং দরবেশ বলে থাকেন। কারণ তিনি পথে পথে নেচে নেচে আল্লাহর যিকির করতেন। লোকে তাঁকে পাগল মনে করত। এমনকি তাঁর সম্পর্কে জানার পূর্বে রুমী নিজেও শামসুদ্দিন মুহাম্মদ তিবরিযিকে পাগল ভাবতেন। তাঁর সম্পর্কে একটি চমকপ্রদ ঘটনার কথা কিংবদন্তী থেকে জানা যায়।

শামসুদ্দিন তিবরিযির প্রভাব ও রুমীর রূপান্তর

শামসুদ্দিন মুহাম্মদ তাবরিযির সঙ্গে সাক্ষাতে জালালউদ্দিন রুমী এক নতুন জগতের সন্ধান পান। এ জগৎ ছিল পুঁথি-কিতাবের জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের। এ ধরনের অলৌকিক ঘটনার পরপরই রুমীর জীবনে এক আমূল পরিবর্তন আসে। তিনি তাঁকে তাঁর নিজ গৃহে নিয়ে আসেন এবং তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি শিক্ষকতা ও ওয়াজ-নসিহত ছেড়ে দেন। তিনি তিবরিযির নিকট থেকে আধ্যাত্মিকতা শিক্ষা করেন। শামস তিবরিযির প্রতি তিনি মোহমুগ্ধ হয়ে পড়েন। এ সময় থেকেই তাঁর মধ্যে কবিত্বের জন্ম হয়। তিনি অনবরত বৃষ্টির মতো কবিতা লিখতে থাকেন।

এমনকি তিনি নিজ মুরীদদের উপেক্ষা করে প্রতিনিয়ত তিবরিযির সঙ্গে গল্পে মশগুল থাকতেন, যা তাঁর শিষ্যদের ক্ষুব্ধ করে তুলত। শামস তিবরিযি সম্পর্কে অবগত ছিলেন না বলে রুমীর মুরিদরা একসময় তাঁর প্রতি শত্রুতা পোষণ করতে থাকে। তাঁরা মাওলানা রুমীর জ্ঞান, প্রজ্ঞা ও ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন। তাদের ধারণা ছিল রুমীকে ঐ বিদেশি ভদ্রলোক তিবরিযি যাদু করেছেন। মাওলানা রুমীর প্রতি তাদের ভালোবাসাই শামসুদ্দিন তিবরিযির প্রতি তাদের শত্রুতা সৃষ্টি করে। তারা তিবরিযির প্রতি নানা রকম অপবাদ ও কুৎসা রটনা করতে শুরু করে।

শামসুদ্দিন তিবরিযি যখন এই সকল বিষয় অবগত হলেন তখন তিনি নীরবে নিভৃতে সহ্য করলেন। কিন্তু এই নীরবতা রুমীর অনুরাগী শিষ্যদের মনে আরো বেশি শত্রুতা তৈরি করে। একসময় তারা তাঁর জীবননাশের হুমকি দেয়। এরই পরিপ্রেক্ষিতে শামসুদ্দিন তিবরিযি ১২৪৬ খ্রিস্টাব্দে কুনিয়া ত্যাগ করে দামেস্কে চলে যান। কুনিয়ায় তাঁর অবস্থান ছিল মাত্র এক বছর তিন মাস প্রায়।

মাওলানা রুমী এসব কিছুই জানতেন না। যখন শামসুদ্দীন তিবরিযি কুনিয়া ছেড়ে চলে গেলেন তখন তাঁর অবস্থা খুব খারাপ হলো। তিনি জগৎ-সংসার, মুরীদ, সমস্ত কিছু ছেড়ে একেবারেই নিভৃতে অবস্থান গ্রহণ করেন। তিবরিযির মতো একজন আত্মার বন্ধুর বিয়োগাত্মক যন্ত্রণায় তিনি অত্যন্ত অস্থির ও কাতর হয়ে পড়েন। তবে এর কিছুদিন পরই তিনি দামেস্ক থেকে তিবরিযির একটি পত্র পেয়ে কিছুটা স্বস্তি পেলেন।

ইতোমধ্যে মাওলানা রুমীর মানসিক অবস্থা দেখে মুরিদগণ অনুতপ্ত হয়। এ সময় রুমী তাঁর এই বন্ধুকে দামেস্ক হতে গ্রহণ করার জন্য তাঁর পুত্র ওয়ালাদকে প্রেরণ করেন। সন্তান সুলতান ওয়ালাদ শামসুদ্দিন তিবরিযিকে সঙ্গে করে নিয়ে আসলে মাওলানা রুমী অত্যন্ত আনন্দিত হন। তাঁর মুরিদগণের অনেকেই তাঁর নিকটে এসে ক্ষমা প্রার্থনা করেন।

কিছুদিনের মধ্যেই মাওলানা রুমীর দ্বিতীয় সন্তান আলাউদ্দিন চেলেবীর সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। ফলে চেলেবী তাঁর সহযোগীদের নিয়ে তিবরিযিকে গোপনে হত্যা করে। এ সমস্ত কিছুই রুমীকে জানতে দেয়া হয়নি। তিনি এক সকালে তিবরিযির ঘরে তাঁকে দেখতে না পেয়ে চিৎকার করে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু তাঁর কোনো সাড়া পেলেন না। যখন তিনি সকল তথ্য জানলেন তখন অত্যন্ত ব্যথিত হলেন।

শামসুদ্দিন তিবরিযির বিয়োগব্যথায় রুমী অত্যন্ত বিহ্বল হয়ে পড়েন এবং অনেকগুলো গজল তাঁরই স্মরণে রচনা করেন। শামসুদ্দিন তিবরিযির প্রভাব জালালউদ্দিন রূমীর ব্যক্তিত্ব, সুফিপ্রজ্ঞা, আধ্যাত্ম্য ও সাহিত্যিক জীবনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল।

জালালউদ্দিন রুমীর সাহিত্যকর্ম

মাওলানা রুমী ছিলেন একজন মরমী কবি, সুফি, দার্শনিক এবং বিভিন্ন গ্রন্থের রচয়িতা। তাঁর বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে দেওয়ানে শামসে তিবরিযি, মাসনাবী ও রুবাইয়াত অন্যতম। তাঁর পত্র সংকলনের নাম ফিহমা ফিহ। এছাড়া রয়েছে মাওয়াইজ মাজালিস সাবআ এবং মাকতুবাত।

রুমীর রচনার প্রধান বৈশিষ্ট্য হলো আশাবাদ। পাপময় সংসারে মানুষ জীবন সংগ্রামে জয়ী হবে—এ সম্পর্কে কোনো নৈরাশ্য বা সন্দেহ তাঁর কাব্যের কোথাও ছায়াপাত করেনি। অত্যন্ত বিরহের খেদোক্তিগুলোও রুমীর রচনায় প্রচণ্ড আশার প্রদীপ হিসেবে আলো ছড়াতো।

তিনি কবিতাকে সামান্য কাব্যবিন্যাস মনে করতেন না। তিনি বলতেন, কবির প্রাণ হলো বাঁশির মতো। যে বেণুবনে এই বাঁশরির উদ্ভব, সেখানকার শেখা গান এখানে সে নানা সুরে ব্যক্ত করে। যারা কবির শুধু সুরের রস ভোগ করে তারা ভ্রান্ত। কবির বাঁশি যে গান গায়, সে গানের সত্যকে অনুধাবন করতে হবে, তবেই সত্য জীবনের ও পরমার্থের গোপন সন্ধান লাভ করা সম্ভব হবে।

মসনবী ও রুমীর দর্শন

রুমী রচিত দীওয়ান গ্রন্থটি গজল ও চতুষ্পদী কবিতার সংকলন। এতে তুর্কি ও গ্রিক কবিতাও রয়েছে। কুনিয়ার মুসলিম-অমুসলিমসহ সাধারণ মানুষের সাথে তাঁর সম্পর্কের ধরন এই গ্রন্থে ব্যক্ত হয়েছে। এই গ্রন্থটি তাঁর প্রিয় বন্ধু শামসুদ্দিন তিবরিযির নামে উৎসর্গীকৃত।

মরমী কাব্য জগতের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো রুমী রচিত মাসনাবী-ই মাসনাবী। সুফিবাদ অনুপ্রাণিত কাব্য হিসেবে মাসনাবী বর্তমানেও বিশ্ব সাহিত্যের এক অতি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এ গ্রন্থটি মুসলিম বিশ্বসহ পশ্চিমা বিশ্বেরও চিন্তা-চেতনা ও সাহিত্যের উপর সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছে। সাহিত্যের ভাণ্ডারে এ ধরনের রচনা খুবই বিরল, যা বিশ্বের এত ব্যাপক ও বিরাট পরিধিকে এত দীর্ঘকাল ধরে মুগ্ধ ও প্রভাবিত করে রেখেছে।

ষষ্ঠ হিজরি শতক হতে এই গ্রন্থটি মুসলিম বিশ্বের বুদ্ধিবৃত্তি ও সাহিত্য-সংস্কৃতিকে নিত্যনতুন প্রেরণা দান করে আসছে। গ্রন্থটি ছয়টি অধ্যায়ে সমাপ্ত। কেউ কেউ সপ্তম অধ্যায়ের কথা বলে থাকেন, তবে জানা গেছে যে সেটি কৃত্রিম সংযোজন।

মাসনাবী গ্রন্থ রচনায় হুসামউদ্দিন চেলেবীর প্রেরণা ছিল বলে জানা যায়। তিনি মাওলানা রুমীকে সানাঈ ও আত্তারের মতো একটি মাসনাবী রচনার পরামর্শ দিলে তিনি তাৎক্ষণিক কিছু রচনা লিখে ফেলেন। এরপরে বিভিন্ন সময় তিনি কবিতা বলে যেতেন এবং হুসামুদ্দিন তা সঙ্গে সঙ্গে লিখে নিতেন।

কবি ও দার্শনিক জালালউদ্দিন রুমীর অসংখ্য রচনাকে সংক্ষেপে বৃত্তাবস্থায় সংকুচিত করা সম্ভব নয়। জালালউদ্দিন রুমীর চিন্তাধারার প্রধান উৎস আল কুরআন ও আল হাদীস বলে মাসনাবীতে তিনি নিজেই উল্লেখ করেছেন।

মানবাত্মা, নফস ও আত্মার মুক্তি

আত্মা সংক্রান্ত বিষয়ে রুমী বলেন, পরম সত্তা এক। মানুষের আত্মাসমূহ বহুত্ব সত্ত্বেও বাস্তব এবং অভিন্ন। এই আত্মাগুলোর বিচ্যুতির আশঙ্কায় কবি বলেন—

“শুন, বাঁশরী (মানবাত্মা) তার বেদনায় কী গান গায়।
সে বেনু বন হতে তাকে চ্যুত করা হয়েছে,
সেই বনের বিরহে সে কাঁদে;
আর তার সমবেদনায় কাঁদে সকল নর-নারী।”

রুমী মনে করেন, মানবাত্মা এবং পরমাত্মার মিলনের পথে অন্তরায় হলো দেহ। দেহের ধ্বংসেই আত্মার মুক্তি। দেহের ভেতরে সে কামনা মানুষকে সত্য পথ থেকে বিচ্যুত করে এবং তাকে ভোগলিপ্সু করে তোলে—একেই তিনি “নফস” বলেছেন।

রুমী মনে করেন মানুষের মানুষ হয়ে ওঠা নিরন্তর ধারাবাহিকতা। এর পরের পর্যায়গুলোও একান্তই বাস্তবতা। তিনি তাঁর কাব্যে লিখেছেন—

“অজৈব থেকে লয় পেয়ে উদ্ভিদ হয়েছি,
উদ্ভিদ থেকে মৃত হয়ে প্রাণিজগতে উঠেছি,
প্রাণিজগৎ থেকে মৃত হয়ে মানুষে পরিণত হয়েছি,
অতএব মৃত্যু আমাদের নিচু স্তরে ফেলবে, সে ভয় কেন?

মানুষ থেকে মৃত্যু ঘটলে দ্বিতীয় বার হামলায়
আমরা নিশ্চয় ডানা ও পালক শোভিত ফেরেশতা হবো।
ফেরেশতা থেকে আর একবার ঊর্ধ্বলোকে উঠব—
তখন কীসে হবো তা আমার কল্পনার অতীত।
তখন আমার অনন্তে মিশে যাব যেমন—আদিতে ছিলাম,
আমাদের কি বলা হয়নি—কানা ইলাইহি রাজেউন?”

এই কাব্যে রুমী যে সৃষ্টি প্রক্রিয়ার ধারাবাহিকতা ব্যক্ত করেছেন তা হলো—অজৈব হতে উদ্ভিদ, উদ্ভিদ হতে প্রাণী, প্রাণী হতে মানুষ, মানুষ হতে ফেরেশতা এবং ফেরেশতা হতে অনন্তে মিশে যাওয়াই সৃষ্টি প্রক্রিয়া।

রুমীর দর্শনে প্রেম

রুমীর মতে প্রেমের কোনো সংজ্ঞা যৌক্তিকভাবে দেয়া সম্ভব নয়। প্রেম মনকে সকল মালিনতা ও পাপাশক্তি হতে নির্মল করে, একে পবিত্র ও উন্নত করে। রুমী মনে করেন প্রেম তর্ক নয়, সঙ্গীত। সঙ্গীতের ছন্দ ও মূর্ছনার মধ্য দিয়েই প্রেম আংশিকভাবে ব্যক্ত হতে পারে। প্রেম জীবনের সর্বাপেক্ষা জটিল হেঁয়ালি এবং দৃশ্যমান জগতে সঙ্গীতের আবরণেই প্রেম নিজেকে ব্যক্ত করে।

“বাঁশরীর সুরমূর্ছনায় এমন একটি রহস্য আছে
যা প্রকাশ পেলে বস্তু নিশ্চয়ের পরিকল্পনাকে ওলট-পালট করে দিতো।
কে দেখেছে বাঁশির মতো বিজ্ঞ প্রতিষেধক?
কে দেখেছে বাঁশির মতো সংবেদনশীল প্রেমিক।”

রুমীর সাহিত্য ও সঙ্গীতচেতনা

মাওলানা রুমীর যে সুফিদর্শন তা ছিল মূলত সঙ্গীতকেন্দ্রিক। সঙ্গীত তাঁর জীবন ও দর্শনকে দারুণভাবে প্রভাবিত করেছিল।

সঙ্গীত বিদ্যায় অসাধারণ পারদর্শিতার কারণে মাওলানা রুমী নানা ছন্দের বৈচিত্র্যময় অনেক কাব্য রচনা করেছেন। মাওলানা রুমী সঙ্গীতের তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিকেই ছিলেন অসাধারণ পারদর্শী। তাঁর কবিতাগুলো প্রমাণ করে আরবি ও ফারসি ছন্দের জ্ঞান ছিল অসাধারণ। বিশেষ করে শামসুদ্দীন তিবরিযি সম্পর্কিত গজল সমগ্রে রুমীর সঙ্গীত প্রতিভা ফুটে ওঠে অসাধারণভাবে। তিনি তাঁর বেশ কিছু কবিতায় বাদ্যযন্ত্রের নামসহ সঙ্গীত উপকরণের প্রায় বিশটি যন্ত্রের উল্লেখ করেছেন।

বেহালা বা বড় বীনা বাজাতে পারতেন রুমী। তিনি সুরের সংশোধনে বেহালাতেও পরিবর্তন সাধন করেছিলেন। বিশিষ্ট গবেষক ডক্টর শাফিয়ী কাদকানি তাঁর সম্পর্কে বলেছেন যে, ফারসি সাহিত্যের সূচনা থেকে আজ পর্যন্ত কোনো কবিরই শিল্পকর্ম মাওলানা রুমীর মতো এত ব্যাপক মাত্রায় অস্তিত্বের সঙ্গীতময় জগত ও মানুষের জীবন ব্যবস্থার মধ্যে সমন্বয় এবং যোগসূত্র রচনায় সমর্থ হয়নি। রুমীর মতো আর কোনো কবিই সঙ্গীতকে নিজের কবিতায় এতটা ব্যবহার করেননি।

রুমীর একটি কবিতার অংশের অনুবাদে—

“অস্তিত্ববিহীন কত কল্পনা উড়ে বেড়ায়
মনের অস্পষ্ট নীলিমায়, কল্পনা তো কল্পনাই।
তবুও বিশ্ব চলছে এই খেয়াল বা কল্পনারই পাখায়।
মানুষের সন্ধি ও যুদ্ধও সূচনা তার কল্পনায়।
মানুষের গর্ব কল্পনাতেই,
মানুষের গর্ব কল্পনাতেই,
মানুষের লজ্জাও কল্পনারই ছলনায়।”

রুমী সুরের পরিচয় পেয়েছেন শৈশবেই। একবার তিনি পরিবারের সাথে বালখ থেকে বাগদাদে যাচ্ছিলেন। এ সময় কাফেলার গান শুনে মুগ্ধ হন এবং এ সময়ই সঙ্গীতে তাঁর হাতে খড়ি ঘটে। এরপর থেকে যখনই কোনো নতুন শহরে কাফেলা থেমেছে, রুমী তখনই সেখানকার স্থানীয় সঙ্গীত রপ্ত করতে ভুলেননি।

ড. জাররিন কূবের মতে উটের চালক ও কাফেলার গায়কদের কাছে সঙ্গীতের রাগ-রাগিনী ও অনেক অজানা সূক্ষ্ম দিক রপ্ত করেছিলেন রুমী। কিন্তু সঙ্গীতের সাথে পরিচয় থাকলেও রুমী এর চর্চা শুরু করেছেন তাঁর আধ্যাত্মিক গুরু শামসউদ্দিন তিবরিযির সংস্পর্শে এসে। তাবরিযির ছোঁয়ায় রুমী তখন অন্য এক রুমীতে পরিণত হন। শামসুদ্দীন তাবরিযি তাঁকে ধর্মীয় সঙ্গীত চর্চায় অনুপ্রেরণা যোগান।

রুমী মনে করতেন সঙ্গীত হলো বিশ্বজগতের ঘূর্ণনের বা নাচের শব্দ এবং সঙ্গীতের সুর ছড়িয়ে আছে মহাশূন্যের তারকারাজি বা ছায়াপথের গানে। বলা হয়ে থাকে পিথাগোরাস সঙ্গীতের মূলনীতি উদ্ভাবন করেছেন মহাকাশের সঙ্গীত বা স্বর্গীয় সুর থেকে। সঙ্গীতের সাথে রয়েছে জ্যোতির্বিদ্যা বা গণিতের ঘনিষ্ঠ সম্পর্ক। রুমী মনে করতেন মানুষের আত্মা অতীতেও স্বর্গীয় সুর শুনেছে। তাই পৃথিবীর সুর ও সঙ্গীত তাকে বেহেশতী সুরের কথা স্মরণ করিয়ে দেয়।

মাওলানা রুমীর মতে প্রেম প্রকাশের সর্বোত্তম ভাষা হলো সঙ্গীত। সঙ্গীতের চেয়ে প্রেম প্রকাশের উত্তম মাধ্যম আর হতে পারে না। তাই তিনি বাঁশির কানায় প্রেমের বিপদসংকুল পথের কথা শুনেছেন এবং বীণার সুরে খুঁজে পেয়েছেন প্রেম-বিরহের সেই মর্মস্পর্শী বেদনা, যার সূত্রপাত হয়েছে প্রেমিক থেকে প্রেমাস্পদের বিচ্ছিন্নতায়।

মাওলানা রুমীর মতে সঙ্গীত মানুষের আত্মার জন্য অপরিহার্য। এ প্রসঙ্গে তিনি একটি গল্প বলেছেন। গল্পে বলা হয়েছে যে, এক ব্যক্তি একটি উঁচু প্রাচীরে দাঁড়িয়ে নিচের প্রবাহমান স্রোতস্বিনীর কলতান শোনার চেষ্টা করছে। পানির কাছে পৌঁছতে না পেরে সে প্রাচীরের একটি একটি করে ইট খসাচ্ছে এবং সেগুলো পানিতে নিক্ষেপ করছে। কারণ পানিতে ইটের পতনের শব্দ যে জলতরঙ্গ ধ্বনি তৈরি করছে, তা থেকে সে সঙ্গীতের স্বাদ আস্বাদন করছে।

ইটের পতনের শব্দ ছাড়াও এ কাজের মাধ্যমে সে পানির আরো নিকটবর্তী হওয়ার চেষ্টা করছে। কারণ, খুব কাছে গেলেই সে আরো ভালোভাবে জলতরঙ্গের শব্দ শুনতে পারবে এবং জলতরঙ্গের কলতান তাঁর হৃদয় ও প্রাণ জুড়িয়ে দেবে। উপলব্ধি করা যায়, জালালউদ্দিন রুমী কতটা সঙ্গীতপিপাসু প্রেমিক ছিলেন।

রুমীর দর্শনে আশা ও আশাবাদ

মাওলানা জালালউদ্দিন রুমী প্রচণ্ড আশাবাদী মানুষ। মানুষের দুঃখ-বেদনা বা আবেগ ও উচ্ছ্বাসের সাথে সম্পৃক্ত আশা-নিরাশা রুমী তাঁর রচনায় সব সময়েই তুলে ধরেছেন। রুমীর কবিতায় সূক্ষ্মচিন্তা ও সূক্ষ্মদর্শিতার হাতে হাত রেখে যে দিকটি সবচেয়ে ব্যাপক মাত্রায় প্রকাশিত হয়েছে তা হলো স্বপ্নিল আশার দুর্বার ও অসীম দিগন্ত।

রুমীর মতে আশা ও সুন্দর প্রত্যাশাই মানব-মনের মূল প্রকৃতি। হতাশা ও দুঃখ-বেদনা ক্ষণস্থায়ী বিষয়। তাই আশা বা সুন্দর প্রত্যাশা রুমীর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। তবু রুমীর কবিতায় হতাশা ও দুঃখের স্থান নেই বললেই চলে। রুমী তাঁর কাব্যে সজীবতা ও নতুনত্বের গান গেয়ে নতুন দিনের স্বপ্ন দেখিয়েছেন। তিনি মনে করতেন হতাশা মানুষের মননে বন্ধ্যাত্ব সৃষ্টি করে। আশার দেদীপ্যমান সূর্য অফুরন্ত জ্যোতি ছড়িয়ে তার অস্তিত্বের মধ্যে কথা বলেছে সব সময়।

“সে তো কবরে শায়িত অবিশ্বাসীর মতো, যে আশাহীন
দুই জগতেই ঘুরে বেড়ায় আশা ও উদ্দেশ্যবিহীন।
সে তো গড়েছে কেবল কাঁটার বাগান কূল-কিনারাহীন।”

রুমীর মতে পার্থিব আশা ও ভয়গুলো বাস্তব নয়। তাঁর কবিতার উচ্চারণ—

“রুটি নেই বলে দুঃখ আর ভয়?
আছেন তো প্রভু ক্ষমাশীল, দয়াময়।”

আল্লাহর রহমত, দুঃখ ও আশার দর্শন

রুমী মনে করেন হতাশা ও নিরাশার মূল কারণ হলো পার্থিব মোহ। পৃথিবীর প্রতি মোহাচ্ছন্ন থাকায় মানুষ মৃত্যুকে ভয় পায়। ফলে এ ধরনের মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ অন্ধকারাচ্ছন্ন। যারা আল্লাহকে ভয় করেন, পার্থিব অন্যসব ভয় তাদের কাছে নতজানু হয়। মাওলানা রুমী আল্লাহর ব্যাপারে ভয় ও আশার মাঝামাঝি অবস্থান নিতে বলেছেন—

“কে এই পৃথিবীকে করে আবে হায়াত—জীবনের সম্বল,
মৃত্যু ধেয়ে আসে তার দিকে অন্যের চেয়ে অনেক আগে,
কিন্তু আল্লাহ যদি হন তার চিকিৎসক,
তবে জরা, বার্ধক্য ও হুমকিতেও সে থাকে অবিচল।”

রুমীর বিশ্বাস, সৃষ্টির পরতে পরতে দয়াময় আল্লাহর উপস্থিতি সৃষ্টি করে সৌন্দর্য ও আশা। আল্লাহহীন জীবন ও মৃত্যুতে সুখ বা সৌন্দর্য নেই। আল্লাহ যদি কারো সহায় হন, তবে আর কোনো কিছুই প্রয়োজন নেই। আর আল্লাহ যদি সহায় না হন, তাহলে অন্যসব কিছু থাকা সত্ত্বেও সে হবে চরম অসহায়।

রুমী কবিতার বহু পংক্তিতে আল্লাহর অশেষ দয়া ও করুণার কথা স্মরণ করেছেন।

“মহিমান্বিত করুণার আধারে নাও আশ্রয়,
সৃষ্টি জগৎ সিক্ত হয়েছে যার শত সহস্র করুণায়।”

পাপ করার পর অনুতপ্ত হয়ে তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। রুমী দুঃখ-বেদনাকেও আশার দৃষ্টি দিয়ে বিশ্লেষণ করেছেন। আল্লাহর কাছে কোনো প্রার্থনা করার পরও তা কবুল না হওয়ার পেছনে অনেক সময় আল্লাহর রহমত বা দয়া সক্রিয় বলে রুমী উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে—

“যে দোয়া কবুল হয়নি, সেজন্য আল্লাহর শোকর,
যা ভেবেছিলাম ক্ষতিকর
তা হলো শাপে বর;
অকল্যাণ আর ধ্বংসই চাই—আমরা বহু প্রার্থনায়,
কিন্তু অপার করুণায় সে সবে কান দেন না দয়াময়।”

রুমী মনে করতেন কখনো কখনো বিপদ-আপদ বা দুর্যোগ বড় ধরনের বিপদ বা দুর্যোগ প্রতিরোধ করে এবং অনেক বাহ্যিক ঘটনাকে বাহ্যিকভাবে তিক্ত মনে হলেও এর ফল বা ভেতরটা মিষ্টি। তাই দুঃখ-বেদনায় ভারাক্রান্ত হওয়া তাঁর নীতি-বিরুদ্ধ কাজ ছিল। রুমীর কথায়—

“মহান আল্লাহ সৃষ্টি করেছেন দুঃখ-বেদনা
যাতে দুঃখের পরে আসে সুখ ও প্রফুল্লতা।”

মৃত্যু সম্পর্কে রুমীর দর্শন

রুমী ধৈর্য ও দৃঢ়তাকে এবং মৃত্যুর প্রতি ভালোবাসাকে হতাশা ও নিরাশার প্রতিরোধক বলে মনে করতেন। তাঁর মতে মৃত্যু জীবনেরই একটি বিশেষ পর্যায় বা মানুষের অবস্থার একটি পরিবর্তন মাত্র। মৃত্যুর মহিমা সম্পর্কে তিনি বলেন—

“যেদিন আমি মরে যাব, আমার কফিন এগিয়ে যাবে,
সেদিন ভেবো না আমার অন্তর এই ধরাধামে রয়ে গেছে।
কবর তো ইহকাল-পরকালের মাঝে একটা পর্দা মাত্র,
অনন্ত আশীর্বাদের ফোয়ারা।
তোমরা অবতরণ দেখেছ—এবার চেয়ে দেখ আমার আরোহণ।
তোমাদের কাছে সেটা অস্তাগমন, আসলে সেটাই উদয়ন।”

রুমীর ব্যক্তিত্ব ও মানবপ্রেম

মাওলানা রুমী ছিলেন মনে-প্রাণে অমায়িক ও ভদ্র। প্রেমিক স্বভাব তাঁকে এতটাই উচ্চে উন্নীত করেছিল যে তাঁর সকল আচরণ ও কর্মকাণ্ডে তা প্রতিফলিত হতো। তিনি প্রেমিক কবিতায় যে অনন্যতার স্বাক্ষর রেখেছিলেন, সে ধারা থেকে বের হওয়া বর্তমানেও সম্ভব হয় না।

তাঁর কবিতার কয়েকটি পংক্তি—

“তুমি ভাবতেই পারবে না
কতোটা কঠিন কষ্টে খুঁজেছি—
একটি অনন্য কোনো উপহার তুলে দিতে,
মুগ্ধ তোমার হাতে।

শেষে যোগ্য মনে হয়নি কোনোটাই—
বুঝিনি কী লাভ হবে—বয়ে নিয়ে স্বর্ণের ফোঁটা এতোটা দীর্ঘ এক স্বর্ণখনিতে?
বুঝিনি জলের ফোঁটা কতটা আর পারবে অমন—সুগভীর এক সমুদ্র ভরাতে।

যা কিছু সঙ্গে নিয়ে শেষে তোমার কাছে দাঁড়িয়ে ছিলাম, আসলে তা ছিল
সব পূর্ণতার কাছে দাঁড়িয়ে এতোটুকু পূর্ণ করার অপচেষ্টা শুধু আমার।

আসলে তোমার সব আছে, সব একাই নিয়ে আছো বলে
লক্ষ হাজার জন্ম-জন্মান্তর এতোটা দেবার পরেও
শূন্য এ অন্তর ও আত্মায়
খুঁজে নিতে পারিনা—তোমায়
এতোটুকু দিতে পারার মতো পরিতৃপ্তির কোনো আস্বাদ।

অবশেষে তাই
বিপুল ব্যর্থ হয়ে—শেষ প্রচেষ্টা হিসেবে তুলে ধরি এক আয়না তোমার দিকে।
বলি, দেখ তোমাকেই,
আর অপার কল্পনা দিয়ে মনে রেখো
নিঃস্ব আমাকে এই অনাদি, অনন্তকাল।”

জালালউদ্দিন রুমীর ইন্তেকাল

১৭ ডিসেম্বর ১২৭৩ খ্রিস্টাব্দ মোতাবেক ৬৭২ হিজরীর ৫ই জমাদিউল আখের মাসে সূর্যাস্তের সময় মাওলানা জালালউদ্দিন রুমী কুনিয়ায় ইন্তেকাল করেন। এই সময় তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর ৩ মাস। কুনিয়ায় তাঁকে দাফন করা হয়। এখনো সেখানে অসংখ্য অনুরাগী ও ভক্ত তাঁর মাযার প্রাঙ্গণে জিয়ারতে যান।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাঁকে ভালোবাসতো। ব্যক্তিগত জীবনে তিনি কারো দান বা সাহায্য গ্রহণ করতেন না। শেষ জীবনে তাঁকে ‘সুলতান-আল সুফি’ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ঝরোকা পরিবারে আপনাকে স্বাগতম! অনুগ্রহ করে গঠনমূলক ও মার্জিত মন্তব্য করুন।;

comment url